ঋতুপর্ণার বিরুদ্ধে কলকাতায় দুর্নীতির অভিযোগ!
বিনোদন ডেস্ক ঃ
দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নিজস্ব দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে কলকাতার প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তার বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ এনেছে ইডি। সেই মামলায় তাকে হাজিরা দিতে হবে। একই মামলায় ইডির হাতে পশ্চিমবঙ্গের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার সাবেক চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমানসহ মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা ও তাদের ঘনিষ্ঠরা গ্রেপ্তার হয়েছেন।
তবে এ রেশন দুর্নীতি মামলার সঙ্গে ঋতুপর্ণা কীভাবে যুক্ত, সেটা জানায়নি ভারতীয় গণমাধ্যম। বলা হয়েছে তাকে ৫ জুন হাজিরা দিতে হবে। নির্দিষ্ট তারিখে ইডি অফিসে এ অভিনেত্রী হাজিরা দেবেন কিনা, তাও স্পষ্ট নয়। কারণ এ মুহূর্তে তিনি ‘অযোগ্য’ সিনেমার মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন। এদিকে এখনো অভিযোগ নিয়ে খোলেননি মুখ ঋতু।
অবশ্য তার জন্য ইডি অফিসে হাজির দেওয়া এটাই প্রথম নয়। এর আগেও ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক অসংগতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডিতে যেতে হয়েছিল তাকে। তিনি একাই নন, ওই সময় ডাক পড়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। বর্তমানে এ দুই ভারতীয় অভিনয়শিল্পী জুটি বেঁধে ‘অযোগ্য’ সিনেমায় অভিনয় করছেন।
