বিয়ানীবাজারে ইয়াবা, ভারতীয় মদ ও গাঁজাসহ ৫ আসামি গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের বিয়ানীবাজারে পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭৫ মিলিলিটার ভারতীয় অফিসার চয়েজ মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও বিজিবি। একই সময়ে জিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং তদন্তাধীন মামলার এজাহারনামীয় ১ জনসহ মোট ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিয়ানীবাজার থানা পুলিশ ও ৫২ বিজিবির পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থানার এসআই (নিরস্ত্র) মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৫নং কুড়ারবাজার ইউনিয়নের খশির সড়কভাংগনী এলাকায় অভিযান চালায়। এ সময় ফয়সল আহমেদের বাড়ি থেকে সৌরভ আহমদ (২০)-কে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। সৌরভ আহমদের পিতা ফয়সল আহমদ এবং মাতা রুবিনা বেগম। তার ঠিকানা খশির (সড়ক ভাংগনী), থানা ও উপজেলা বিয়ানীবাজার, জেলা সিলেট।

অপরদিকে, এসআই (নিরস্ত্র) মানিক চন্দ্র তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৪নং শেওলা ইউনিয়নের চারাবই (টিলাবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে মোঃ খালেদ আহমদ (৪৯)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মোঃ খালেদ আহমদের পিতা মোঃ গৌছ উদ্দিন। তার ঠিকানা চারাবই (টিলাবাড়ি), থানা ও উপজেলা বিয়ানীবাজার, জেলা সিলেট।

এদিকে ৫২ বিজিবি ব্যাটালিয়নের বড়গ্রাম বিওপির অভিযানে মোঃ সোলেমান আহমদ (২৬)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৭৫ মিলিলিটার এক বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। মোঃ সোলেমান আহমদের পিতা মৃত আব্দুল সাত্তার প্রকাশ তোতা মিয়া এবং মাতা মোছাঃ মেওয়া বেগম। তার ঠিকানা সাদিমাপুর (সিলেটীপাড়া), থানা ও উপজেলা বিয়ানীবাজার, জেলা সিলেট।

পুলিশ আরও জানায়, বিয়ানীবাজার থানার পরোয়ানা তামিল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত মোঃ নজমুল হক (৪৪)-কে গ্রেফতার করা হয়েছে। মোঃ নজমুল হকের পিতা মোঃ বাবুর আলী। ঠিকানা খশির, থানা বিয়ানীবাজার, জেলা সিলেট।

এছাড়া বিয়ানীবাজার থানার মামলা নং-১২ (৮)২৬-এর এজাহারনামীয় আসামি রুহিন আহমদ-কে গ্রেফতার করা হয়েছে। রুহিন আহমদের পিতা আব্দুল লতিফ। তার ঠিকানা নাটেশ্বর, থানা বিয়ানীবাজার, জেলা সিলেট।

পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত পাঁচ আসামিকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য