ঝুলে আছে সাড়ে ৫ লাখ এনআইডি সংশোধনের আবেদন
নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল-ভ্রান্তি সংশোধনের জন্য করা সাড়ে পাঁচ লাখ আবেদন ঝুলে আছে। এসব আবেদন নিষ্পত্তিতে ধীরগতির বিষয়টি নিয়ে সম্প্রতি এক সভায় আলোচনা করেছেন ইসির কর্মকর্তারা। আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ইসির মাঠ কর্মকর্তাদের নিয়ে আগামী ২৬মে একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি।
ইসির এনআইডি অনুবিভাগ সূত্রে জানা গেছে, ইসিতে জমা পড়া বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে এনআইডি সংশোধনের মোট পাঁচ লাখ ৫১ হাজার ৫১২টি আবেদন নিষ্পত্তি হয়নি।
তবে এনআইডি সংশোধনের ধীরগতিতে নিষ্পত্তি না হওয়া আবেদনের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। গত ৯ মে ইসির মাঠ কর্মকর্তাদের মাসিক সমন্বয় সভায়ও এ নিয়ে আলোচনা হয়।
ইসির সূত্রের বরাতে জানা যায়, ইসি সচিব মো. জাহাংগীর আলম এনআইডি সংশোধনে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। আর সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে।
