সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ, বিপাকে দুই শতাধিক যাত্রী

সিলেটের সময় ডেস্ক :

 

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। ফলে রবিবার (১২ মে) সন্ধ্যা ৭টা থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এতে করে বিমানবন্দরে দুই শতাধিক যাত্রী আটকা পড়েছেন।

সৈয়দপুর বিমানবন্দরের সূত্রে জানা যায়, বিমানবন্দরে রানওয়ের উন্নয়নের কাজ চলছিল।

এ সময় অসর্তকতায় কোথাও বৈদ্যুতিক সংযোগ কাটা পড়েছে। বিমানবন্দরের প্রকৌশল বিভাগ বিষয়টি জানার পর থেকে সমস্যা খুঁজে দেখছে। সন্ধ্যা ৭টার পর থেকে বিমানবন্দরে  রানওয়ের বাতিগুলো জ্বলছে না। ফলে বিমান উঠানামা বন্ধ রয়েছে।
এদিকে, নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় সন্ধ্যার পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইনসের একটি করে ফ্লাইট যাত্রী সেবা দিতে পারেনি। ফলে সৈয়দপুর বিমানবন্দরের লাউঞ্জে দুই শতাধিক যাত্রী আটকা পড়েছেন। রাতের সকল ফ্লাইট বাতিল করা হয়।

বিমানবন্দর এলাকায় গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি বিমান সংস্থার একজন কর্মকর্তা জানান, রানওয়েতে আলো না থাকায় ফ্লাইট উঠানামা করছে না।

লাউঞ্জে অনেক যাত্রী আটকা আছেন। রাতের ফ্লাইটগুলো বাতিল হবে বলে জানান তিনি। 

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার জানান, রানওয়েতে আলো জ্বলছে না। এ কারণে কোনো ফ্লাইট উঠানামা করছে না। জরুরি ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সরেজমিনে কাজ করছে।

রাতের মধ্যেই সমস্যা দূরীকরণের চেষ্টা করা হবে বলে জানান তিনি।
এ বিভাগের অন্যান্য