শুটিংয়ে গুরুতর আহত কোয়েল মল্লিক
মিতিন মাসির নতুন সিনেমা নিয়ে আসছেন টলিউড কুইন কোয়েল মল্লিক। এবার জঙ্গল ছেড়ে শহরেই খুনির সন্ধান করবে বাঙালির এই জনপ্রিয় নারী গোয়েন্দা। ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। আগেই জানা গিয়েছিল এই সিনেমাতে থাকছে দুর্দান্ত অ্যাকশন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, রবিবার (৩১ মার্চ) নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির আগামী সিনেমার শুটিং। সেখানেই গুরুতর আহত হলেন কোয়েল। হাতে বড় ধরনের চোট পেয়েছেন তিনি।
কোয়েল মল্লিক সিনেমাটি প্রসঙ্গে জানিয়েছেন, ‘ডায়েটের ওপর নজর দেওয়া, জিম যাওয়া- সবই করেছি এর জন্য। এবারের সিনেমায় প্রচুর মারধর আছে। দর্শকরা অ্যাকশন করতে দেখবেন আমায়। আর আমি একেবারেই চাই না আমার দর্শকদের নিরাশ করতে।’
দর্শকদের কাছে নিজেকে শতভাগ প্রমাণ করতেই অ্যাকশন স্ট্যান্টে নজর দিয়েছিলেন অভিনেত্রী। আর সেই অ্যাকশনই কাল হলো তাঁর। বর্তমানে বেশ গুরুতর আঘাত নিয়েই বিশ্রামে থাকতে হচ্ছে অভিনেত্রীকে।
