ঈদ যাত্রায় ফিটনেস বিহীন যানবাহন বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির
পথ দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু ঠেকাতে ঈদ যাত্রায় ফিটনেস বিহীন বাস ও লঞ্চ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, সরকারের নিয়ন্ত্রক সংস্থার মনিটরিংয়ের দুর্বলতা ও কিছু অসাধু পরিবহন মালিক বেশি মুনাফার আশায় ফিটনেস বিহীন বাস, ট্রাক ও লঞ্চ ঈদ যাত্রায় যাত্রী পরিবহনের জন্য পথে নামানোর প্রস্তুতি নিয়েছে- এমন খবর দেশের বিভিন্ন গণমাধ্যমের সচিত্র প্রতিবেদনে উঠে এসেছে। গুটিকতেক অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ম্যানেজ করে এসব যানবাহন প্রতিবছর ঈদে অতিরিক্ত যাত্রীবহন করে থাকে।
এতে মোজাম্মেল হক চৌধুরী আরো বলেন, সরকারের বিভিন্ন সংস্থা ফিটনেস বিহীন যানবাহন বন্ধে কাগুজে বাঘের মত হুঁশিয়ারি উচ্চারণ করলেও প্রকৃতপক্ষে ঈদে ফিটনেস বিহীন যানবাহন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণে প্রতি ঈদে পথ দুর্ঘটনায় শত শত মানুষের প্রাণহানি ঘটে। বিগত ঈদুল ফিতরে ৩০৪ সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত, ৫৬৫ জন আহত হয়েছিল।
বিআরটিএ’র পক্ষ থেকে সারা দেশে ৫ লাখ ফিটনেস যানবাহনের তথ্য কিছুদিন আগে গণমাধ্যমে দিয়েছিল।
