অক্টোবরেই আসছে ‘ভেনম ৩’
হলিউডের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভেনম ৩’ অবশেষে মুক্তির জন্য প্রস্তুত। তৃতীয় কিস্তির শিরোনাম রাখা হয়েছে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স।’ সেই সঙ্গে সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে টম হার্ডির সুপারহিরো চলচ্চিত্রটি।
সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষিত হলেও এর প্লট এখনও আড়াল রাখা হয়েছে। টম হার্ডি ভেনম চরিত্রেই ফিরে আসছেন। এছাড়াও থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর এবং ক্লার্ক ব্যাকো। এটি পরিচালনা করছেন কেরি মার্সেল।
২০১৮ সালে ভেনম সিনেমার প্রথম কিস্তি মুক্তি পায়। এটি বক্স অফিস হিট হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৮৫৫ মিলিয়ন ডলার। এরপর ২০২১ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ।’ এটিও বক্স অফিসে দারুণ সফল। এবার আসছে তৃতীয় কিস্তি।
