দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন তিন বন্ধু

সিলেটের সময় ডেস্ক :

 

বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বগুড়ার কাহালুতেতিন বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদরের খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে রাহিম বিজয় (২৩), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফ হোসেনের ছেলে মো. অপূর্ব (১৮) ও একই এলাকার সুরুজ বাঁশফোড়ের ছেলে প্রেম বাঁশফোড় (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে তিন বন্ধু রাহিম বিজয়, অপূর্ব ও প্রেম বাঁশফোড় একটি মোটরসাইকেলে নওগাঁ থেকে বগুড়া সদরের একটি বিনোদন পার্কের দিকে যাচ্ছিলেন। সাইলেন্সার পরিবর্তন করা মোটরসাইকেলটি বিকটশব্দে দ্রুতগতিতে এঁকেবেঁকে চলছিল। মোটরসাইকেলটি বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেল থেকে তারা তিন বন্ধুসহ পাঁচজন সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার এসআই ব্রজেন মাহাতো জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত নওগাঁর তিন বন্ধুর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের অন্যান্য