ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছেলে নিহত, খবর শুনে মায়ের মৃত্যু

সিলেটের সময় ডেস্ক :

 

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছে। ছেলের মৃত্যুর খবর শুনেই মা জহুরা খাতুন চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সেখানেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানের লাশ উদ্ধার করা হয়।

পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পিবিআই।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানের লাশ উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। পেশায় তিনি একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। পুলিশ ও স্বজনদের ধারণা অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

নিহতের মামাতো ভাই আকরাম হোসেন জানান, প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন আতাউর রহমান। রাতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনেই তার ফুফু জহুরা খাতুন চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার আগে সেখানেই তার মৃত্যু হয়। জহুরা খাতুন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলেও জানান তিনি।

তার ধারণা, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে তিনি মারা গেছেন।

কাপাসিয়া আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের শিমুলতলী সড়কের ফাঁকা স্থান থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শুক্রবার বিকালে জানাজা ও দাফন সম্পন্ন করে থানায় আসবেন বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

গাজীপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রকিবুল আফসার জানান, এ হত্যাকাণ্ডে তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পিবিআইয়ের একাধিক টিম এখনো অভিযান চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।

এ বিভাগের অন্যান্য