শেষ মুহূর্তের ভুলে শিরোপা উদযাপন পিছিয়ে গেল রোনালদোদের
খেলাধুলা ডেস্ক ঃ
ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম সৌদি প্রো লিগ শিরোপা জয়ের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হলো। মঙ্গলবার নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জয় হাতছাড়া করে ড্র করেছে আল নাসর।
রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রোনালদোর দল। যোগ করা সময়ের অষ্টম মিনিটে আল নাসরের গোলরক্ষক বেন্তো একটি লম্বা থ্রো ঠিকভাবে সামলাতে না পেরে নিজের জালেই বল জড়িয়ে ফেলেন। অপ্রত্যাশিত এই গোল স্তব্ধ করে দেয় রোনালদো ও আল নাসরের সমর্থকদের।
৩৩ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট এখন ৮৩। এক ম্যাচ কম খেলা আল হিলালের সংগ্রহ ৭৮ পয়েন্ট। ফলে এখনও শিরোপার দৌড়ে এগিয়ে আছে আল নাসর, তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে হলে তাদের পরবর্তী ম্যাচেও ভালো ফল করতে হবে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘স্বপ্ন এখন খুব কাছেই। মাথা উঁচু রাখো, আমাদের সামনে আর মাত্র এক ধাপ বাকি। আজকের অসাধারণ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
চলতি মৌসুমে আল নাসরের আর মাত্র একটি ম্যাচ বাকি। আগামী সপ্তাহে দামাকের বিপক্ষে সেই ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে রোনালদোদের।
২০২৩ সালে বড় অঙ্কের চুক্তিতে সৌদি আরবে যোগ দেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনালদো। তবে এখন পর্যন্ত দেশটির ঘরোয়া ফুটবলে কোনো শিরোপার স্বাদ পাননি তিনি।
রোনালদোর সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকেই দেশটির ফুটবলে বিশ্বজুড়ে আগ্রহ বেড়ে যায়। এরপর নেইমার ও করিম বেনজেমার মতো তারকারাও সৌদি ক্লাবগুলোতে যোগ দেন।
৪১ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে রয়েছেন রোনালদো। পুরো মৌসুমজুড়ে আল নাসরের আক্রমণভাগের মূল ভরসা ছিলেন তিনি এবং দলকে শিরোপার খুব কাছে নিয়ে এসেছেন।
এখন সব নজর আগামী সপ্তাহের দামাক ম্যাচে। সেই ম্যাচে ট্রফি জিততে পারলে রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ হবে আরও একটি ঐতিহাসিক অর্জন।
