৫ দিনে সাবেক ৩ উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
সিলেটের সময় ডেস্ক :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে রয়েছেন দেশের বিভিন্ন উপজেলার সাবেক চেয়ারম্যানরা। তাদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকা ছেড়ে রাজধানী ও আশেপাশের বিভিন্ন এলাকায় তারা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি তাদের অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ দিনের ব্যবধানে দেশের সাবেক তিন উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অরুন কান্তি রায় সিটনকে। তিনি গাবতলী উপজেলার অপসারিত চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসেবে রয়েছেন।
এর আগে, শনিবার (৯ মে) রাতে মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে তার নির্বাচনী এলাকা ঘটকচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন। তাকে সহযোগিতার অপরাধে ‘বোটানিক অ্যারোমা’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার আসাদুজ্জামান লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনীতিতে জড়িত না থাকলেও লিটন এলাকায় একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এর একদিন আগে, শুক্রবার (৮ মে) বগুড়ার ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খোকনকে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদে রয়েছেন।
