৪ বছর প্রেমের পর বিয়ে করলেন রাবা খান
বিনোদন ডেস্ক ঃ
দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ রাবা খান। বিভিন্ন সময় কনটেন্ট তৈরি করে আলোচনায় থাকেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশ করে আলোচনায় তিনি। বিয়ের কোনো আভাস না দিয়ে একেবারে বরের সঙ্গে ছবি শেয়ার করেছেন রাবা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক ছবি শেয়ার করে এই সুসংবাদটি নিজেই জানান রাবা খান। জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর বিয়ে করেছেন সংগীতশিল্পী ও নির্মাতা আরাফাত মহসিনকে। ছবিতে দেখা যায়, বিয়ের সাজেরাবা পরেছেন লাল-কমলার মিশ্রণে জমকালো শাড়ি, আর আরাফাত ছিলেন সোনালি কারুকাজের সাদা শেরওয়ানিতে। দুজনের মুখেই খুশির ঝিলিক স্পষ্ট।
ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে রাবা লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা।’ সঙ্গে যুক্ত করেন বিয়ের তারিখ ৪ এপ্রিল ২০২৫। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
এই তারকা জুটির বিয়েতে শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। অনেক সহকর্মী তারকা ও নির্মাতারা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। পরিচালক আদনান আল রাজিব নিজেও এই জুটির বিয়ের ছবি শেয়ার করেছেন তার সামাজিক মাধ্যমে।
রাবা খান একজন সফল কনটেন্ট ক্রিয়েটর ও লেখক হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। অন্যদিকে, আরাফাত মহসিন গান গাওয়ার পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণে নিজের অবস্থান তৈরি করেছেন। এই বিয়ের মাধ্যমে শোবিজ অঙ্গন আরও এক জুটিকে পেল, যারা ব্যক্তি ও পেশাগত জীবনে দুজনই আলোচিত ও প্রশংসিত।
