‘আ. লীগ অত্যাচার ও গুম-খুন করেছে ভারতের সহায়তায়’

সিলেটের সময় ডেস্ক :

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, শেখ হাসিনা এ দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিলেন। গত ১৫ বছর ধরে ভারতের সহায়তায় আওয়ামী লীগ এ দেশে অত্যাচার ও গুম-খুন করেছে। আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নির্যাতনের কারণে বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। একেকজন নেতাকর্মীর নামে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় চান্দলা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভা এবং বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

সেলিমা রহমান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগকে সমর্থনে দিতে ডুম্বুর বাঁধ ছেড়ে দিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ অনেক জেলাকে ভাসিয়ে দিয়েছে তারা। বন্যার পানিতে ডুবে কষ্ট পেয়েছে আমাদের দেশের মানুষ। এই স্বৈরাচার আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এ দেশের ছাত্র-জনতা।

আর নেপথ্য ভূমিকা রেখেছেন বিএনপির নেতাকর্মীরা। এখন সময় এসেছে দেশের জন্য ধানের শীষকে বিজয়ী করার।

ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সাত্তার লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা, সদস্য বিলকিস আক্তার, সাবেরা আলাউদ্দিন প্রমুখ। 

সভা শেষে প্রধান বেগম সেলিমা রহমানসহ বিএনপি নেতারা বন্যার্ত মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।

এছাড়া বানভাসি মানুষদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন তারা।
এ বিভাগের অন্যান্য