লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, টাইফুন ‘ইয়াগি’ নিয়ে যা জানাল অধিদপ্তর
বঙ্গোসাগরে অবস্থিত সুষ্পষ্ট লঘুচাপটি আজ রবিবার নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশের তিন সমুদ্র বন্দর ও কক্সবাজারে তিন নম্বর সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তেমন আশঙ্কা নেই।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি স্থলের কাছাকাছি। এটি গভীর নিম্নচাপ বা স্থল নিম্নচাপ হিসেবেই স্থলভাগ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তেমন আশঙ্কা নেই। এটির গন্তব্য ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের দিকে।
নিম্নচাপের কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তিন সমুদ্রবন্দর (চট্টগ্রাম, মোংলা ও পায়রা) ও উপকূলীয় এলাকা কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
