বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতে মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি থাকায় আজ সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রপ্তানিমূখি গার্মেন্টস শিল্পের কাঁচামাল।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারতে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে আজ সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামী মঙ্গলবার সকাল থেকে আবার স্বাভাবিক ভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।
