বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় অভিভাবক গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক :

 

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় মিতালী খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিতালী খাতুন শহরের ফার্মপাড়া পাড়া এলাকার সামসউর রহমান শুভর স্ত্রী। শিক্ষক পেটানোর ঘটনায় থানায় মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার স্বামী শুভ পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষক কাবেরী করিমকে মারধর করেন সামসউর রহমান শুভ ও তার স্ত্রী মিতালী খাতুন। তাদের মেয়ে বিসমাহ জান্নাত ঐশী ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। প্রধান শিক্ষক ওই ছাত্রীকে শাসন করার কারণে ক্ষুব্ধ হয়ে তার বাবা-মা প্রধান শিক্ষককে মারধর করেন। ঘটনার ভিডিও ফুটেজ ওইদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতে প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় মামলা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলার ২ নম্বর আসামি মিতালী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী শুভ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য