অর্থপাচারের আরেক মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ডের রায়, ৬৪ কোটি অর্থদণ্ড

সিলেটের সময় ডেস্ক :

 

অর্থপাচারের আরেক মামলায় গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার ১০ বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। আজ বুধবার ঢাকার ৮ মম্নর বিশেষ জজ আদালত নূরে আলম ভূঞা এই রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডের পাশাপাশি আসামিদের ৬৪ কোটি ৬২ লাখ এক হাজার ২০০ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। যা অনাদায়ে আসামিদের আরও ৬ মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ আসামি সাইফুল ইসলাম, তুহিন মুন্সী, নবীর হোসেন শিকদার, জয়গোপাল সরকার, পাভেল রহমান, শহিদুল হক ভূঁইয়া, রশিদুল হক ভূঁইয়া এবং মেরাজুল হক ভূঁইয়া শিপলুকে খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার আগে এনু ও রুপনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাবের অবৈধ ক্যাসিনো খেলা পরিচালনাকারী অন্যতম সক্রিয় সদস্য এনু ও রুপনের ওয়ারীর ১১৯/১ লালমোহন সাহা স্ট্রিটের ‘মমতাজ ভিলা’য় ক্যাসিনো থেকে অর্জিত প্রচুর অবৈধ অর্থ ও স্বর্ণালংকার মজুদ রয়েছে জানতে পারে র‌্যাব।২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি দুই ভাই এনু ও রুপনের ওই বাসায় র‌্যাব অভিযান চালায়। সেখান থেকে নগদ ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর, প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কার, ৯ হাজার ৩০০ ইউএস ডলার, ১৭৪ মালয়েশিয়ান রিঙ্গিত, ৫ হাজার ৩৫০ ইন্ডিয়ান রুপি, ১ হাজার ১৯৫ চাইনিজ ইয়েন, ১১ হাজার ৫৬০ থাই বাথ ও ১০০ দিরহাম ইউএই ডার্থ জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৩ এর নায়েব সুবেদার রমজান আলী পরদিন ওয়ারী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডি পুলিশের ফাইন্যান্সসিয়াল ক্রাইমের ইন্সপেক্টর মেহেদী মাকসুদ ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপন ও তাদের ৮ সহযোগীকে আসামি করে চার্জশিট দাখিল করেন।

২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

এর আগে গত বছরের ৩০ জানুয়ারী সূত্রাপুর থানার অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় এনু ও রুপনকে সাত বছর করে কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬। এরও আগে ২০২৩ সালের ২৮ নভেম্বর অর্থপাচারের আরেক মামলায় এনামুল হক ও রুপন ভূঁইয়াকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। এরও আগে ২০২২ সালের ২৫ এপ্রিল দুই ভাইসহ ১১ জনকে সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার আরেক আদালত।

এ বিভাগের অন্যান্য