বিদ্যুৎস্পৃষ্টে বিশ্বম্ভরপুরে একই পরিবারের তিনজনের মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরহাদ মিয়া (৩০), তার বাবা নুরুল আমিন (৬০) ও মা ফাতেমা আক্তার (৫০)। একমাত্র ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান বাবা-মা—এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ফরহাদ মিয়া নিজ বাড়ির দোকানঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের একাংশের দাবি, বিদ্যুতের মূল লাইনের একটি তার ছিঁড়ে দোকানের টিনের ছাদের ওপর পড়ে থাকায় টিনে বিদ্যুৎ প্রবাহিত হয়। অসাবধানতাবশত টিনে হাত দিতেই বিদ্যুতায়িত হন ফরহাদ। তাকে উদ্ধার করতে ছুটে এসে বাবা নুরুল আমিন ও মা ফাতেমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন।

অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, ফরহাদ দোকানে বৈদ্যুতিক মেরামতের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রথমে মা, পরে বাবা এগিয়ে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ফরহাদ বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা-বাবাও বিদ্যুতায়িত হন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে অনন্তপুর উত্তর হাটি গ্রামে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।

এ বিভাগের অন্যান্য