প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ফাঁস সিনেমা, বাধ্য হয়ে ওটিটিতে মুক্তি
বিনোদন ডেস্ক :
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পাইরেসির শিকার হয়েছে পরিচালক রাশিদ পলাশের সিনেমা ‘রঙবাজার’। অনলাইনে সিনেমাটির কনটেন্ট ছড়িয়ে পড়ার পর শেষ পর্যন্ত বড়পর্দায় মুক্তির পরিকল্পনা বাতিল করে ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে ছবিটি।
যৌনপল্লি উচ্ছেদের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছিল। তবে মুক্তির আগেই পাইরেসির ঘটনায় পুরো পরিকল্পনাই বদলে যায়।
রাশিদ পলাশ বলেন, ‘এ ধরনের ঘটনা একজন চলচ্চিত্র নির্মাতার জন্য খুবই হতাশাজনক।
আমরা চেয়েছিলাম দর্শক প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি দেখুক। কিন্তু মুক্তির আগেই সিনেমার কনটেন্ট ছড়িয়ে পড়ায় প্রযোজক দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পাইরেসির হাত থেকে পুরোপুরি রক্ষা করার আর কোনো উপায় ছিল না।’
গত রবিবার প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেম্যাটিক’-এ মুক্তি দেওয়া হয় ‘রঙবাজার’।
নির্মাতাদের আশা, প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও ওটিটির মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাবে সিনেমাটি।
‘রঙবাজার’-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠু, সম্রাট ও মানিক সাহা। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।
এই ঘটনার পর আবারও দেশের চলচ্চিত্রাঙ্গনে ডিজিটাল নিরাপত্তা ও কনটেন্ট সুরক্ষার বিষয়টি আলোচনায় এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পাইরেসি ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অনেক নির্মাতা ও প্রযোজক ক্ষতির মুখে পড়তে পারেন।
