জিততে হলে রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে
খেলাধূলা ডেস্ক :
বাংলাদেশ সফরে এসে ঢাকা টেস্টে হেরে ব্যাকফুটে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আশা ছিল সিলেট টেস্টে জিতে সিরিজে সমতায় ফেরার। কিন্তু সিলেট টেস্টেও দারুণ খেলছে বাংলাদেশ দল।
প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৭৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর লিটন দাস ও মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে ভর করে ৩৯০ রান করে বাংলাদেশ।
জয় পেতে হলে পাকিস্তানকে করতে হেব ৪৩৭ রান। নিজেদের ইতিহাস তো দূর, টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসেই কখনো ৪৩৬ রান তাড়া করে জেতার ঘটনা নেই। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ৪১৮ রান করেছিল ইংল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া যে তিনবার টেস্টে চার শর বেশি রান তাড়া হয়েছে, সেগুলোর সর্বশেষ ঘটনাটিও ১৮ বছর আগের। এমন পরিস্থিতিতে বোলিং দলের নির্ভার হওয়ার কথা থাকলেও বাংলাদেশ তা নয়।
সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলাম বললেন, ‘আরও একটু লম্বা করতে পারলে হয়তো দলের জন্য ভালো হতো। কারণ, উইকেট এখনো (ব্যাটিংয়ের জন্য) ভালো। আমরা যদি আরও কিছু জুটি গড়তে পারতাম, হয়তো ভালো হতো।’
দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে মুশফিকুর রহিমই বাংলাদেশের লিডটা ৪০০ পার করে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। তবু শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর তাঁকে হতাশই দেখা গেছে। বাউন্ডারি লাইন পার করে হতাশায় হেলমেটও ছুড়ে মেরেছেন ১৩৭ রান করা মুশফিক। সেটি কি আরও কিছু রান করতে না পারার কারণে?
তাইজুল উত্তরে বলেছেন, ‘আমরা যদি স্কোরবোর্ডে আরও ২০-৩০-৪০ রান যোগ করতে পারতাম হয়তো দলের জন্য ভালো হতো। এখানে হতাশার কিছু নেই। কারণ, সব সময় যে ১০০% (চাওয়ামতো) হবে, এমনটাও নয়।’
