শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩
আন্তর্জাতিক ডেস্ক ঃ
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় উত্তর প্রদেশ থেকে ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার (১০ মে) রাতেই তাদের গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়। পরে রাতভর ভবানী ভবনে আটক করে জেরা করা হয়। সোমবার তাদের বারাসত আদালতে তোলা হবে। খবর এনডিটিভির।
ঘটনার তদন্তে নেমেছে সিআইডি ও এসটিএফ। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলায় ইউপিআই লেনদেন থেকে। জানা যায়, আততায়ীরা বালি টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেছিল। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীরা উত্তর প্রদেশে অভিযান চালায়
গতকালই অভিযান চালিয়ে উত্তর প্রদেশ থেকে তিনজন শার্প শুটারকে গ্রেফতার করা হয়। রাতে তাদের কলকাতায় আনা হয়। রাতভর ভবানী ভবনে জেরা চলে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে এই শার্প শুটারদের কে বা কারা ভাড়া করেছিল? কেনই বা টার্গেট করা হয়েছিল শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে।
প্রসঙ্গত, আগেই মনে করা হয়েছিল, চন্দ্রনাথের খুনের পেছনে বাইরের রাজ্যের যোগ থাকতে পারে।
