ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান

সিলেটের সময় ডেস্ক :

 

যুক্তরাষ্ট্রে বসবাসরত নাগরিকদের একটি বড় অংশ বিশ্বাস করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত ভুল ছিল। নতুন এক গবেষণা থেকে এ তথ্য উঠে এসেছে।

গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এমনই এক তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট-এবিসি-ইপসোস পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ৬১ শতাংশ উত্তরদাতা মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ একটি ভুল পদক্ষেপ ছিল। অপরদিকে মাত্র ৩৬ শতাংশ মানুষ এটাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন।

প্রসঙ্গত, ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এই যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।

জানা যায়, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করছে এবং যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে গ্যাসের উচ্চমূল্যের কারণে তারা তাদের আচরণে কোনো পরিবর্তন এনেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ৪৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, ‘তারা গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন।’

এছাড়া ৪২ শতাংশ বলেছেন, ‘তারা পারিবারিক খরচের ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছেন।’

তবে, বছরে ৫০ হাজার ডলারের কম আয় করেন এমন উত্তরদাতাদের ক্ষেত্রে এই হার বেড়ে যথাক্রমে ৫৬ শতাংশ এবং ৫৯ শতাংশে দাঁড়িয়েছে বলে এই প্রতিবেদনে প্রকাশ পায়।

অপরদিকে ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, ‘ইরানের ওপর হামলার সিদ্ধান্ত ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী প্রচারণার সময় নেওয়া অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল।’

মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ার পরেও সমীক্ষায় দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধটা ঠিক ততটাই অজনপ্রিয় যতটা ২০০৬ সালের চরম সহিংসতার সময় ইরাক যুদ্ধ এবং ১৯৭০-এর দশকের গোড়ার দিকে ভিয়েতনাম যুদ্ধের সময় ছিল।

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপগুলো এখন পর্যন্ত সফল হয়েছে কি না জানতে চাইলে ৩৯ শতাংশ বলেছেন, ‘সেগুলো সফল হয়নি।’ আর ৪১ শতাংশের সংখ্যাগরিষ্ঠ অংশ বলেছেন, ‘এখনই কিছু বলার সময় আসেনি।‘

তবে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যদের মধ্যে এই যুদ্ধের প্রতি সমর্থন এখনো জোরালো রয়েছে। প্রায় ৮০ শতাংশ রিপাবলিকান বলেছেন, ‘ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্তটি সঠিক ছিল।‘

তবে এই অভিযানকে সফল হিসেবে মূল্যায়ন করা এবং এ বিষয়ে এখনই কিছু বলার সময় আসেনি বলেও মনে করছেন অনেকেই।

এ বিভাগের অন্যান্য