যুক্তরাষ্ট্র খুব শিগগিরই কিউবা দখল করবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক ঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র খুব শিগগিরই কিউবা দখল করবে।’
গতকাল স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে এ কিউবা দখলের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘কিউবা, যেটি আমরা খুব দ্রুতই নিয়ন্ত্রণে নেব।’
আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়,ট্রাম্প দাবি করেন, দেশটি নানা সমস্যায় জর্জরিত এবং যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনেই তারা আত্মসমর্পণ করবে।
ট্রাম্প আরও ইঙ্গিত করেন বলেন, ‘ইরান যুদ্ধ শেষে ফেরার পথে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হতে পারে।’
এ সময় তিনি উদাহরণ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাম উল্লেখ করেন।
তার ভাষ্যমতে, উপকূলের কাছে অবস্থান নিলেই কিউবা আত্মসমর্পণ করবে। তারা বলবে- ধন্যবাদ, আমরা হাল ছেড়ে দিচ্ছি।
একই দিনে ট্রাম্প কিউবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প বলেন, ‘ইরানে সামরিক অভিযানের পর কিউবাই হবে পরবর্তী লক্ষ্য।’
মার্কিন এই প্রেসিডেন্টের দাবি, খুব শিগগিরই দেশটি ব্যর্থ হয়ে পড়বে।
এদিকে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন বক্তব্য কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুলতে পারে। সেইসঙ্গে একটি স্বাধীন দেশ দখলের প্রকাশ্য হুমকি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।
