ওসমানী বিমানবন্দর নিয়ে এমপি এমরান আহমদ চৌধুরীর প্রশ্নে সংসদে যে সুখবর এলো
সিলেটের সময় ডেস্ক :
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে। বিশেষ করে দুবাই রুটে ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে সরকার।
জাতীয় সংসদে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।
বুধবার (২৯ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন, দুবাই, আবুধাবি, মাসকট, জেদ্দা, শারজাহ ও দোহা রুটে সপ্তাহে ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। তবে এখনো অন্য কোনো বিদেশি এয়ারলাইন্স সিলেট থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে না।
মন্ত্রী আরও জানান, ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্স ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল। পরবর্তীতে তারা কার্যক্রম বন্ধ করলেও বর্তমানে পুনরায় এই রুট চালুর বিষয়ে পরিকল্পনা করছে এবং এ নিয়ে প্রাথমিক আলোচনা চলছে।
তিনি উল্লেখ করেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আধুনিক টার্মিনাল, উন্নত রানওয়ে এবং আন্তর্জাতিক মানের গ্রাউন্ড সার্ভিসসহ প্রয়োজনীয় প্রায় সব সুবিধা রয়েছে। ফলে বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য এখান থেকে ফ্লাইট পরিচালনায় তেমন কোনো প্রতিবন্ধকতা নেই।
এদিকে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিপুল সংখ্যক সিলেটি প্রবাসীর কারণে সরাসরি ফ্লাইটের চাহিদা দীর্ঘদিনের। বর্তমানে ফ্লাইট সীমিত হওয়ায় অনেক যাত্রীকে ঢাকার মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে, যা সময় ও খরচ—দুটিই বাড়িয়ে দিচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘ফ্লাই দুবাই’সহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্স সিলেট রুটে ফিরে এলে যাত্রীসেবা যেমন সহজ হবে, তেমনি রেমিট্যান্স প্রবাহ ও আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এখন কেবল আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা—যা বাস্তবায়িত হলে সিলেটের আকাশপথে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে।
