সৌদি পৌঁছেছেন ৩৯৩৯৪ জন হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ৯৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৪ বাংলাদেশি হজযাত্রী। এদের মধ্যে মারা গেছেন ৭ জন।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৩২৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালিত ফ্লাইটসংখ্যা ৪৪টি, সৌদি এয়ারলাইনসের ৩৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি রয়েছে।
এ পর্যন্ত মারা যাওয়া হজযাত্রীর সাতজনই পুরুষ। এদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনায় মারা গেছেন।
যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন—মো. শামসুল আলম (৬৩)।
এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)।
এ ছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
