সিলেটে ফাঁকা বাসায় গ্রিল কেটে ঢুকে স্বর্ণ-টাকা লুট

সিলেটের সময় ডেস্ক :

 

ঈদের ছুটিতে পরিবারের সবাই বাড়ির বাইরে থাকার সুযোগে সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোরচক্র স্টিলের আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ছুটি শেষে চারাদিঘীর পাড় এলাকার আল আমিন-৪ নম্বর বাসায় ফিরে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান বাসার মালিকপক্ষ। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাসার মালিক ফজলুল করিম এনাম জানান, ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে তারা সুনামগঞ্জে বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন জানালার গ্রিল কেটে চোরচক্র ঘরে ঢুকে স্টিলের আলমিরা ভেঙে প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, ঈদের ছুটিতে ফাঁকা বাসাগুলো চোরচক্রের টার্গেটে পরিণত হচ্ছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

এ বিভাগের অন্যান্য