ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’
দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
বুধবার (১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া ওই পোস্টের শেষদিকে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ও এর প্রভাবে বৃষ্টিপাতের বিষয়েও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক।
অন্যদিকে ভারি থেকে অতিভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
