যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেভায় একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম (এমডিএ) এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন একজন প্রায় ৪০ বছর বয়সী পুরুষ, একজন ৩০ বছর বয়সী নারী এবং একজন ২০ বছর বয়সী তরুণ। এ ছাড়া আরো ছয়জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, নতুন করে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তারা সেগুলোর গতিপথ শনাক্ত করেছে। হামলার সতর্কবার্তা পাওয়ার পর নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে।
