মা-বাবা-বোনসহ সন্ত্রাসী হিমেল গ্রেপ্তার
ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে মো. জুবায়ের হোসেন হিমেল (৩০) নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় অভিযানে বাধা দেওয়ায় হিমেলের বাবা মাহবুবুর রহমান মঞ্জু (৬৫), মা হামিদা আক্তার (৬০) ও বোন নাজিবা জাহানকে (৩২) গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ক্যাপ্টেন তানভীর আহম্মেদের নেতৃত্ব সেনাবাহিনী ও পুলিশের একটি অভিযানিক দল নগরকান্দা পৌরসভার জঙ্গুরদী পূর্বপাড়ায় হিমেলের বাড়িতে প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় ওই বাড়ি থেকে একটি এয়ার গান, ১টি রামদা, ২টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালীন হিমেলের মা-বাবা ও বোন বাধা দেন। পরে পুলিশ তাদের আটক করে। গ্রেপ্তারকৃতদের নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী কালের কণ্ঠকে বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী হিমেল ও তার মা-বাবা-বোনকে গ্রেপ্তার করা হয়েছে।
