আফগান সমর্থকদের সঙ্গে খুশদিলের সেই কাণ্ডের পর যা বলল পিসিবি
খেলাধুলা ডেস্ক ঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের ধারাবাহিক হারের কারণে সেদেশের ক্রিকেটভক্তরাই ক্ষুব্ধ। তৃতীয় ওয়ানডেতে হেরে তো সিরিজে হোয়াইটওয়াশই হয়েছে দলটি। মাঠের পরিস্থিতির পাশাপাশি ওইদিন গ্যালারির পরিবেশও স্বস্তিদায়ক ছিল না মোহাম্মদ রিজওয়ানদের জন্য। যদিও তাদেরকে বেশি উত্ত্যক্ত করেছেন দুজন আফগানিস্তানের দর্শক।
মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচের পর পাকিস্তানের খেলোয়াড়দের পারফরম্যান্সের কারণেই দর্শকরা তাদের ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। এমন কটূক্তিতে ক্ষুব্ধ অলরাউন্ডার খুশদিল শাহ দর্শকদের সামনে গিয়ে দাঁড়ান এবং তাদেরকে চুপ করানোর চেষ্টা করেন। যদিও খুশদিলকে নিরাপত্তা বাহিনী এবং তার সতীর্থরা সরিয়ে আনার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খুশদিলকে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়।
পিসিবির একজন মুখপাত্র স্পষ্ট করে বলেছেন, বিদেশি দর্শকরা আপত্তিকর মন্তব্য করেছেন। তারা পাকিস্তান বিরোধী স্লোগান দিয়েছিলেন বলে জানা গেছে। খুশদিল শাহ হস্তক্ষেপ করলে এবং তাদের থামতে বললে, দুই আফগান ভক্ত পশতুতে আরও অপ্রাসঙ্গিক ভাষা ব্যবহার করে শারীরিক সংঘর্ষের চেষ্টা করেন।
পাকিস্তান দলের আনুষ্ঠানিক অভিযোগের পর মাঠে নিয়োজিত নিরাপত্তা কর্মকর্তারা দুই বিশৃঙ্খলাকারী ভক্তকে স্টেডিয়াম থেকে বের করে দেন।
পিসিবি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘বিদেশি দর্শকদের দ্বারা জাতীয় খেলোয়াড়দের প্রতি করা অশালীন ভাষার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট। ম্যাচ চলাকালে বিদেশি দর্শকরা মাঠে খেলোয়াড়দের প্রতি অশালীন মন্তব্য করে। পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া হলে, ক্রিকেটার খুশদিল শাহ মাঠে নেমে দর্শকদের থামতে অনুরোধ করেন। যার প্রতিক্রিয়ায় আফগান দর্শকরা পশতুতে আরও আপত্তিকর ভাষা ব্যবহার করে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। পাকিস্তান দলের অভিযোগের পর, স্টেডিয়াম কর্মকর্তারা হস্তক্ষেপ করেন এবং দুই দর্শককে বাইরে বের করে দেন।’
