সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ছেড়ে গেল
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হয়েছে। ৩৮৯ জন হজযাত্রী নিয়ে বিমানের বিজি-২৩৭ ফ্লাইট বুধবার (২২ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ বছর সিলেট থেকে একটি হজযাত্রীদের প্রথম ফ্লাইট।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফ্লাইটের উদ্বোধন করেন।
হজ ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার। তিনি বলেন, ‘ঢাকা থেকে ২৯ জন হাজযাত্রী নিয়ে এসে ফ্লাইটটি সিলেটের ৩৬০ জনসহ মোট ৩৮৯ জন নিয়ে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় বিকেল ৪টা ৪০ মিনিটে।’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানা গেছে, সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পাঁচটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
