নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে মারল প্রতিপক্ষ
নরসিংদীর রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে হত্যা করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সন্ত্রাসীরা। আগামী ২৯ মে তৃতীয় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ মে) বেলা ১২টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া উপজেলার চরসুবুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের নির্বাচিত চরসুবুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় হাসপাতালের সামনে নিহত সুমনের ভাই মো. আজহারুল ইসলাম টিটু বলেন, ‘আমরা মিটিং করতে গেছি। সেখানে যাওয়ার পর আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেল নিজে উপস্থিত থেকে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।’
তিনি আরো বলেন, ‘১৫ বছর পর আমার ভাইয়ের বউয়ের সন্তান হবে। ২৪ তারিখে ডেলিভারি। আমাকে ফোন দিতাসে। এখন আমি কি করুমু? এই বিচার আপনারা সাংবাদিকরা করেন না হইলে এই বিচার আমি করমু।’
এ ঘটনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ কালের কণ্ঠকে বলেন, ‘আমি হাসপাতালে আসছি। ডাক্তারের সঙ্গে কথা বলতেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে এই হতাহতের ঘটনা ঘটেছে কিনা তদন্ত করছি। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।
