সোহেলের চেয়ারম্যানের দায়িত্ব ছিল অবৈধ, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

সিলেটের সময় ডেস্ক :

 

পাঁচ বছর আগে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে জয়ী হওয়ার পর ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের দায়িত্ব পালন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি যে বেতন-ভাতা ও সুবিধা গ্রহণ করেছেন, তা রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এসংক্রান্ত তিনটি রুলে চূড়ান্ত শুনানির পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

২০১৯ সালের ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরীকে।

তখন দল থেকে মনোনয়ন না পেয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী জেলা জজ আদালতের এপিপি শহিদুল্লাহ মজুমদার ও সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হালিম স্বতন্ত্র প্রার্থী হন। কিন্তু যাচাই-বাছাইয়ের পর ওই বছর ৬ মার্চ রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন। 

পরে এ আদেশের বিরুদ্ধে ১০ মার্চ ইসিতে আপিল করেও তারা প্রার্থিতা ফিরে পাননি। এ অবস্থায় ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দুজনই হাইকোর্টে রিট আবেদন করেন।

শুনানির পর ১৪ মার্চ হাইকোর্ট তাদের মনোনয়নপত্র বৈধ বলে আদেশ দেওয়ার পাশাপাশি রুল দেন। প্রার্থিতা ফিরে পেয়ে যথারীতি তারা নির্বাচনী প্রচারেও নামেন। এ অবস্থায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মেজবাহুল হায়দার চৌধুরী সোহেল। শুনানির পর ২৫ মার্চ নির্বাচন স্থগিত করেন চেম্বার বিচারপতি।
সঙ্গে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ বলে রায় দেওয়া হাইকোর্টের রায়ও স্থাগিত করা হয়। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ স্থগিতাদেশ বহাল রাখলে ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মেজবাহুল হায়দার চৌধুরী সোহেলকে বিজয়ী ঘোষণা করা হয়। 

পরে ২০২০ সলে ফেব্রুয়ারি মাসে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীর পদে থাকা নিয়ে উপজেলার শুভপুর ইউনিয়নের কাজী জায়েদ মোহাম্মদ গোলাম ফারুক হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট প্রাথমিক শুনানির পর রুল জারি করেন। তিনটি রুলের চূড়ান্ত শুনানির পর রায়ে এ রায় দিলেন উচ্চ আদালত।

আদালতে আব্দুল হালিম ও শহিদুল্লাহ মজুমদারের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, এস এম কফিল উদ্দিন। মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও মো. অজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন, ‘মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে বিজয়ী ঘোষণা করলেও আইনি জটিলতায় তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নিতে পারেননি। শপথ না নিয়ে তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। সেটিকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।’

এ আইন কর্মকর্তা বলেন, ‘আমরা আদালতে জানিয়েছি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সোহেল ৩৩ লাখ ২৬ হাজার ৬১৯ টাকা বেতন-ভাতা ও যানবাহন সুবিধা হিসেবে গ্রহণ করেছেন। রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে ফেরত দিতে হবে।’

এ বিভাগের অন্যান্য