সিরিয়ায় বাজারে গাড়িবোমা বিস্ফোরণ, শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

তুর্কিপন্থী বাহিনী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে একটি বাজারে স্থানীয় সময় রবিবার ভোরে বোমা বিস্ফোরণে আটজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশের আজাজে ‘একটি জনপ্রিয় বাজারের মাঝখানে একটি গাড়িবোমা বিস্ফোরণে’ কমপক্ষে ‘আটজন নিহত এবং ২৩ জন আহত’ হয়েছে। বিস্ফোরণটি ‘উল্লেখযোগ্য ক্ষতি’ এবং আগুনের সূত্রপাত করেছে বলেও ব্রিটেনভিত্তিক সংস্থাটি উল্লেখ করেছে।

 

এএফপির একজন সংবাদদাতা ঘটনাস্থলে জরুরি কর্মীদের কাজ করতে এবং একটি ক্ষতিগ্রস্ত গাড়ির অবশিষ্টাংশ দেখেছেন।

বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বোমাটি যখন বিস্ফোরিত হয় তখন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতারা তাদের বাচ্চাদের জন্য নতুন জামাকাপড় কেনার জন্য ব্যস্ত ছিলেন। স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটের উদ্ধৃতি দিয়ে তারা বলেছে, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

এএফপির তথ্য অনুসারে, ২০১১ সালে সরকার শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করার পর সিরিয়ায় যুদ্ধ শুরু হয়।

পরে এটি মারাত্মক সংঘাতে পরিণত হয় এবং জিহাদি ও বিদেশি সেনাবাহিনী এতে জড়িত হয়। এ যুদ্ধে পাঁচ লাখ সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, লাখ লাখা মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের অবকাঠামো ও শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

গণমাধ্যমটি আরো বলেছে, তুরস্ক সিরিয়ায় ধারাবাহিক সামরিক অভিযান শুরু করেছে। অভিযানের অধিকাংশই কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে হচ্ছে।

তুর্কি সেনা ও সিরিয়ায় তাদের প্রক্সিরা আজাজের মতো কয়েকটি শহরসহ সীমান্তের বেশ কিছু অংশ দখল করে আছে।
এ বিভাগের অন্যান্য