সব মিলিয়ে অনেক বড় পরীক্ষা দিচ্ছি : নুসরাত ফারিয়া
আজ কলকাতার আইটিসি রয়াল বেঙ্গলে অনুষ্ঠিত হবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। এতে পারফরম করবেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
২৭ মার্চ কলকাতায় গিয়ে আমার অংশটুকুর প্রস্তুতি নিয়েছি। ছয় মিনিট পারফরম করব পাঁচটি গানে। গানগুলোর কোরিওগ্রাফি করেছেন কলকাতারই একজন। আজ (বৃহস্পতিবার) সকালে আমার বাবার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে।
এবার বাংলাদেশের জয়া আহসান, অপি করিম, তাসনিয়া ফারিণ, সোহেল মণ্ডল ও মাহতিম সাকিব নমিনেশন পেয়েছেন। আপনার কী মনে হয়! তাঁরা বিজয়ী হবেন?
আমি সবার জন্য আগে থেকেই শুভ কামনা জানাচ্ছি। একজন বাংলাদেশি হিসেবে এটা অনেক বড় গর্বের বলে মনে করছি। এর আগে জয়া আহসান পুরস্কার পেয়েছিলেন। এবারও তিনি পাবেন বলে আশা করছি। পাশাপাশি অপি করিম, ফারিণ ও সোহেল মণ্ডলও ভালো অভিনেতা। তাঁদের পাওয়ার সম্ভাবনাও আছে। মাহতিম সাকিব কিন্তু কলকাতায় দারুণ জনপ্রিয়। তাঁকেও হিসাবে রাখতে হবে। আসলে প্রতিটি ক্যাটাগরিতে এমন হাড্ডাহাড্ডি লড়াই হয় যে শেষ হাসিটা কে হাসবেন—কিছুই বলা যায় না।
আপনি নতুন কিছু করছেন না?
কিভাবে করব বলেন? আমার বাবা অসুস্থ, তার কিছুদিন আগে আমিও অসুস্থ হলাম। বাবার ক্ষেত্রে তো আমি ছাড়া দেখাশোনার তেমন কেউ নেই। আমার পরিবারের বেশির ভাগ মানুষই দেশের বাইরে। ফলে পুরো দায়িত্বটা আমার ওপরই পড়েছে। বাবাও আমাকে চোখের সামনে দেখলে একটু শান্তি অনুভব করেন। এই অবস্থায় কোনো কাজ হাতে নেওয়াটা তো সম্ভব নয়। ঈদের একাধিক কাজ করার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সবাইকে ফিরিয়ে দিয়েছি। বলেছি, আগে বাবা সুস্থ হোক তারপর দেখা যাবে।
কলকাতায় বাবা যাদবের নতুন একটি ছবিতে কাজ করার কথা ছিল। সেটার শুটিং কবে থেকে?
গত বছর থেকেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে পেছাতে হচ্ছে। বলতে পারেন এর জন্য আমিই দায়ী।
