ক্রোকাস কনসার্ট হলে হামলা: এখনও নিখোঁজ ১৪৩
মস্কোর কাছে গত সপ্তাহ কনসার্ট হলে মারাত্বক হামলার পর ১৪০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে বলে রুশ তদন্তকারীরা প্রতিবেদনে উল্লেখ করেছে। ক্রোকাস সিটি হলে শুক্রবার (২২ মার্চ) রাত চালানো হামলায় আনুষ্ঠানিকভাবে মৃত্যুর সংখ্যা গত বুধবার বিকেল পর্যন্ত ১৪০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এ ঘটনায় ৩৬০ জনকে আহত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
রুশ তদন্ত কমিটি ১৪৩ জনকে নিখোঁজ ব্যক্তির তালিকায় অর্ন্তভুক্ত করেছে।
গত শুক্রবার চার বন্দুকধারী কানায় কানায় পূর্ণ ক্রোকাস সিটি হলের দর্শক গ্যালারির দিকে লক্ষ্য করে প্রথমে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তারপর পেট্রোল ঢেকে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন ‘আইএসআইএস-কে’ হামলার দায় স্বীকার করেছে। প্রথমে এ ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
আইন প্রয়োগকারী সদস্যরা সন্দেহভাজন বন্দুকধারীদের ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অনুসন্ধান করছে বলে জানানো হয়েছে। তারা কীভাবে হামলার পরিকল্পনা করেছিল তা বের করার চেষ্টা করা হচ্ছে।
সূত্র: মস্কো টাইমস
