নকল স্বর্ণের পুতুলসহ ‘জীনের বাদশা’ আটক!
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জিনের বাদশা নামে পরিচিত প্রতারক চক্রের এক সদস্যকে একটি নকল স্বর্ণের পুতুলসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আব্দুর রশীদ (৩৫)। সে গাইবান্দার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামের রাজা মিয়ার ছেলে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট বাজার এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে আব্দুর রশীদকে আটক করে গ্রাম পুলিশ আব্দুল হাকিম।
চরভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী ফয়েরজানকে বিভিন্ন সময় মুঠোফোনে কল দিয়ে জিনের বাদশা পরিচয় দেয় এবং তাঁর স্বামী-সন্তান মারা যাবে মর্মে ভয়-ভীতি প্রদর্শন ও গুপ্তধন পাওয়ার কথা শুনিয়ে মুঠোফোনে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়।
প্রতারকচক্রের ওই সদস্য গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে সোনার আবরণের একটি পিতলের নকল মূর্তি দিতে চর ভূরুঙ্গামারীতে আসে। সন্ধ্যার দিকে ওই মহিলার বাড়ির আশে পাশে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখে গ্রাম পুলিশ আব্দুল হাকিম তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি স্বীকার করে।
গ্রাম পুলিশ আব্দুল হাকিম বলেন আমার বাড়ির পাশেই ওই মহিলার বাড়ি। আমি বাজারে যাওয়ার পথে অপরিচিত ওই ব্যাক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করি। সে ঘটনার বিষয় স্বীকার করে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাতেই তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় আনা হয়।
