শাপলা চত্বরে হত্যা: গ্রেফতার না হলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী
সিলেটের সময় ডেস্ক :
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় নাম রয়েছে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর। যে কারণে তার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই মামলায় পুলিশ গ্রেফতার না করলে আগামী রবিবার বা সোমবার নাগাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার কথা জানিয়েছেন তিনি।
বুধবার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিএমএম আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের এ কথা জানান আবদুল লতিফ সিদ্দিকী।
এদিন মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন।
এই মামলার হাজিরা শেষে লতিফ সিদ্দিকী বলেন, আপনারা (সাংবাদিকেরা) জানেন কি না জানি না, আমাকে আজ সকালে জানানো হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছে। শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশের ওই মামলা। সেই মামলায় আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি জানি আজ যদি না আসি, তাহলে মনে করা হবে আমি বোধ হয় আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সবসময় আত্মপ্রকাশ করতে চাই। সেজন্য আজ এসেছি। এখন পুলিশ যদি আমাকে গ্রেফতার না করে তাহলে আগামী রবিবার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করব।
গত বছর ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এরপর আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।
একই বছর ৬ নভেম্বর বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তী জামিন দেন।
জামিন বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ তাদের জামিন বহাল রাখেন। পরে তারা কারামুক্ত হন।
উল্লেখ্য, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে মঙ্গলবার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে এই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং অন্য মামলায় গ্রেফতারদের হাজিরের নির্দেশনা দেওয়া হয়েছে।
