জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
সিলেটের সময় ডেস্ক :
জয়পুরহাটে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাঁচবিবি উপজেলার অটোরিকশা চালক তৌহিদ হোসেন। নিহত অপর এক অজ্ঞাত নারীর বাড়িও পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। বাকি আহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ ও এক নারী যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা অন্যান্য যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকটিকে আটকে করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
