উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
সিলেটের সময় ডেস্ক :
রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় আলী হোসেন (৫৫) মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়ে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।তিনি বলেন, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালীতেও দাহজনিত ক্ষতি (ইনহেলেশনাল ইনজুরি) ছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।
এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরখানের একটি বাসার রান্নাঘরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আলী হোসেন (৫৫), তার স্ত্রী হাসনা হেনা (৪০) ও মেয়ে আঁখি আক্তার (২৫) দগ্ধ হন।
ডা. শাওন বিন রহমান জানান, দুর্ঘটনায় হাসনা হেনার শরীরের ৬০ শতাংশ এবং আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
