জনপ্রিয়তায় শাহরুখ-ঐশ্বরিয়াকে ছাপিয়ে গেলেন ‘কর্তব্য’ সিনেমার ১৪ বছরের নাবালক
বিনোদন ডেস্ক ঃ
পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান অভিনীত ‘কর্তব্য’ সিনেমাটি ওটিটির পর্দায় মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এ সিনেমাটির অভিনেতা ১৪ বছরের কিশোর হরপাল যেন সবার নজর কেড়ে নিয়েছেন।
জনপ্রিয়তার নিরিখে আইএমডিবি সাপ্তাহিক একটি তালিকা তৈরি করে অভিনেতা-অভিনেত্রীদের। সেই তালিকায় সাধারণত শীর্ষে থাকেন বলি বাদশাহ শাহরুখ খান, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই, রণবীর সিংয়ের মতো তারকারা। কিন্তু হরিয়ানার এই ৩৩ বছর বয়সি অভিনেতা এখন সেই তালিকার শীর্ষে। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেও ছিল না সেই যুবককে নিয়ে তেমন কোনো মাতামাতি।
‘কর্তব্য’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে সেই কিশোরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে জোর আলোচনা চলছে। উচ্চতায় মাঝারি, ফর্সা, ছোট করে চুল কাটা ও সামনের দাঁত উঁচু। সেই কিশোর চরিত্রটি সিনেমার পর্দায় একজনের নির্দেশে এক সাংবাদিককে খুন করতে বাধ্য হয়। গোটা সিনেমার একটি বড় অংশজুড়ে আছে সেই কিশোর। তবে বাস্তবজীবনে তার বয়স ১৪ নয়; বরং তিনি ৩৩ বছরের একজন যুবক, যার নাম যুধবীর আহলাওয়াত।
যুধবীর হরিয়ানার ছেলে। হিন্দি সিনেমায় তার আত্মপ্রকাশ ঘটে ২০১৯ সালে ‘সান্ড কি আঁখ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর ‘লাভ হোস্টেল’ এবং ‘কো-এড’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। পর্দায় তাকে দেখতে বেশ তরুণ মনে হলেও এ অভিনেতা এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, তিনি নাবালক নন।
হরিয়ানার ঝাঁজর জেলায় থাকেন তিনি। বাবা বিএসএফ জওয়ান ছিলেন। যুধবীরের এক ভাই রয়েছেন। তারা সবাই উচ্চতা ও চেহারায় স্বাভাবিক হলেও যুধবীর তার উল্টো। যার ফলে বয়সের তুলনায় অনেক বেশি ছোট মনে হয় তাকে।
আইএমডিবি প্রতি সপ্তাহে বিশ্বব্যাপী ৩০ জন ‘ট্রেন্ডিং’ ভারতীয় তারকার একটি তালিকা প্রকাশ করে থাকেন। অভিনেতা থেকে পরিচালক, লেখক এবং চিত্রগ্রাহকদের অন্তর্ভুক্ত করা হয় সেই তালিকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তাদের প্রোফাইল কতবার ভিজিট করেছেন, তার ওপর ভিত্তি করে সেই তালিকা প্রকাশ করা হয়। চলতি সপ্তাহে কান চলচ্চিত্র উৎসবের কারণে ঐশ্বরিয়া রাই পেয়েছেন তিন নম্বর স্থান। চার নম্বরে আছেন দক্ষিণী সুপারস্টার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। যদিও অভিনয় ছেড়েছেন অনেক আগে। কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বিজয় সম্প্রতি নিজেকে আলোচনায় রেখেছেন।
জুনিয়র এনটিআর ছিলেন ২৪ নম্বরে। শাহরুখ খান তারও পরের আসনে। এ মুহূর্তে এক নম্বরে রয়েছেন যুধবীর আহলাওয়াত। সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এমন ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা।
