এমপি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলা
সিলেটের সময় ডেস্ক :
ঝিনাইদহের মহেশপুর থেকে জীবননগরে আসার পথে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১ জুন) আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আমির হামজার বিশেষ সহকারী ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন।
হামলাকারীরা হলেন, জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।
আবু বক্কর সিদ্দিক জানান, মহেশপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় দুলাভাই (আমির হামজা) একটি গাড়িতে আর আমি ও বোন (আমির হামজার স্ত্রী) সহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পোঁছলে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে আমাদের গতিরোধ হয়। এ সময় বার বার হর্ন দেওয়ার পরও গাড়ি না সরলে আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। এ সময় ওই ইজিবাইকচালক দুঃখ প্রকাশ করে চলে যায়। এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক বলায় তারা আরও ক্ষিপ্ত হয়ে আমার মুখে আঘাত করে। এ সময় আমার বোন গাড়ি থেকে বের হয়ে আসলে তাকে এবং এমপি আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
খবর পেয়ে জীবননগর থানার ওসি সোলায়মান সেখসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় রয়েছে।
ওসি সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি আমির হামজাসহ তার পরিবারের সদস্যরা থানায় আছেন। এ ঘটনায় আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলা করেন।
