হোয়াইট হাউসের বাইরে নিহত বন্দুকধারী নিজেকে ভাবতেন ‘যিশুর অবতার’
নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক অবতার’ বলে দাবি করা মেরিল্যান্ডের ২১ বছর বয়সী তরুণ হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন। নিহত তরুণের নাম নাসির বেস্ট।
মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, নাসির বেস্ট দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং এর আগেও একাধিকবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় ঢুকে গ্রেপ্তার হয়েছিলেন।
‘নিউইয়র্ক পোস্ট’ আরো জানিয়েছে, নাসির বেস্ট হোয়াইট হাউসের আশেপাশে ঘোরাঘুরি করার কারণে মার্কিন গোয়েন্দাদের কাছে আগে থেকেই পরিচিত মুখ ছিলেন। গত বছর হোয়াইট হাউসের একটি সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার পর পুলিশ তাকে আটকেছিল।
নাসির তার ব্যাগ থেকে বন্দুক বের করে হোয়াইট হাউসের চেকপয়েন্টে গুলি শুরু করেন। এতে সাংবাদিক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোলাগুলির সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তিনি সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ আছেন। মাত্র এক মাস আগে ট্রাম্পকে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল, যার কারণে এই ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
