লন্ডনে পরিচারকদের জন্য ফ্ল্যাট কিনে বিতর্কে সোনম ও তার স্বামী

সিলেটের সময় ডেস্ক :

 

লন্ডনে নিজেদের বাড়ির পরিচারকদের (স্টাফ) থাকার জন্য একসঙ্গে পাঁচটি ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৫১ কোটি টাকা (৪০ লাখ পাউন্ড)।

আর এই ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করেই লন্ডনের ওই অভিজাত এলাকার প্রতিবেশীদের তুমুল ক্ষোভ ও আপত্তির মুখে পড়েছেন এই তারকা দম্পতি। 

বিয়ের পর মুম্বাই ছেড়ে লন্ডনের নটিং হিল এলাকায় সংসার পেতেছেন সোনম। সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়া এই অভিনেত্রী স্বামী ও দুই ছেলেকে নিয়ে সেখানেই থাকেন। নটিং হিল সংলগ্ন এলাকার ওই বহুতল ভবনে সোনম ও আনন্দ ফ্ল্যাটগুলো কেনার পর থেকেই সেখানকার অন্য বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করছেন।

প্রতিবেশীদের অভিযোগ, তারকা দম্পতি এই ফ্ল্যাটগুলোকে ‘সামাজিক আবাসনে’ (সোশ্যাল হাউজিং) পরিণত করতে চাইছেন। তাদের আশঙ্কা, পরিচারকরা সেখানে এসে থাকতে শুরু করলে ওই ভবনের অভিজাত পরিবেশ নষ্ট হবে, নোংরা হবে ও সামাজিক শ্রেণিবৈষম্য তৈরি হবে। 

ওই আবাসনের এক ফ্ল্যাট মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা এখানে একটি শান্ত পরিবেশ গড়ে তুলেছিলাম, যা এখন বদলে যাচ্ছে। একজন কোটিপতি এসে আমাদের বাড়িকে নিজের খেলার মাঠ বানাতে চাইছেন।

সংস্কার কাজের আড়ালে যেভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’বছর তিনেক আগে লন্ডনের নটিং হিলে প্রায় ২৭১ কোটি টাকা দিয়ে একটি প্রাসাদসম বাড়ি কিনেছিলেন সোনম ও আনন্দ। এবার কিনলেন পরিচারকদের জন্য এই ফ্ল্যাটগুলো। তবে প্রতিবেশীদের এই তীব্র আপত্তি ও অভিযোগের মুখে পড়লেও সোনম কাপুর বা আনন্দ আহুজা—কারো পক্ষ থেকেই এখনো কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র : আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য