হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান শুরু, ইরানের হুঁশিয়ারি
হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ সরাতে নতুন অভিযানের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরই হুঁশিয়ারি দিয়েছে ইরান।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’। মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী আজ সোমবার সকালে এটি শুরু হবে।
ট্রাম্প বলেন, ‘মূলত সেই সব মানুষ, কম্পানি ও দেশকে মুক্ত করতে জাহাজ চলাচলের এই উদ্যোগ নেওয়া হয়েছে, যারা কোনো অপরাধ করেনি। তারা পরিস্থিতির শিকার।’
ট্রাম্পের মতে, জাহাজগুলোকে প্রণালি থেকে বেরিয়ে যেতে সাহায্য করা একটি ‘মানবিক পদক্ষেপ’। এটি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি বিশেষ করে ইরানের পক্ষ থেকেও একটি সদয় আচরণ।
এদিকে, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গতকাল রবিবার দিবাগত রাতে দেওয়া এক পোস্টে আজিজি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর পরিচালিত হবে না।
