দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি প্রেরণ করা হয়।
এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেন-মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং। আগামীকাল সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে নিহতের মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে সব স্থানীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।
হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সনাক্তের খবর শুক্রবার (১ মে) হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করা হয়।
