গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, ২ বোন গুলিবিদ্ধ
রাঙামাটির কুতুকছড়ি এলাকায় গুলিতে ধর্মসিং চাকমা নামে এক ইউপিডিএফ নেতা নিহত হয়েছে। এ সময় নিহতের দুই বোনও গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে জানা গেছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে কুতুকছড়ি উপরপাড়া এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত ধর্মসিংয়ের বাসায় গুলি চালায়।
ধর্মসিং চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, শুক্রবার সকাল দুর্বৃত্তরা ধর্মসিংয়ের বাসায় এসে তাকে ডেকে ঘর থেকে বের হওয়ার জন্য বলে, বিপদ বুঝতে পেরে ধর্মসিং দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই সময় বেপরোয়া গুলিতে তার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমাও গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করলে আহতদের হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন জানিয়েছেন, ঘটনাটি আমরা শুনেছি। শোনার পর ওই এলাকার উদ্দেশে রওনা হয়েছি। সেখানে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারব।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে ইউপিডিএফ।
