শাকিবের ‘তাণ্ডব’ চলাকালীন হল ভাঙচুর ও লুটপাট
ঈদের দিন মুক্তি পেয়েছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি তাণ্ডব। আর মুক্তি পেতেই তাণ্ডবের প্রায় প্রতিটি শো যেমন হাউজফুল, তেমন দর্শকদের প্রতিক্রিয়াও দেখার মতো। শাকিবের প্রশংসায় পঞ্চমুখ সবাই। প্রেক্ষাগৃহেও উৎসবের আমেজ।
জানা গেছে, শনিবার (৭ জুন) বিকালে নগরীর সি কে ঘোষ রোডের পুরনো এই হলটিতে ছবির শেষ দিকে হঠাৎ করে স্ক্রিন বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ দর্শকরা হলের ভেতর-বাইরে ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। হলের দুই তলার সাড়ে সাতশ আসনের মধ্যে সাড়ে তিনটার শো চলাকালে কারিগরি সমস্যা দেখা দিলে সিনেমা বন্ধ হয়ে যায়। এ সময় ক্ষুব্ধ দর্শকরা চেয়ার ছুড়ে মারাসহ পোস্টার, আসন, টিকিট কাউন্টারের দরজা-জানালায় ভাঙচুর চালায়।
ময়মনসিংহ মহানগর পুলিশের তিন নম্বর ফাঁড়ির এএসআই মো. রাসেল গণমাধ্যমকে জানান, ‘খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সাময়িক উত্তেজনায় এমন ঘটনা ঘটেছে। সমস্যা হতে পারে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।’
মানহীন সিনেমা, দর্শক কমে যাওয়া এবং ২০০২ সালে সিনেমা হলে বোমা হামলার ঘটনায় ধীরে ধীরে ময়মনসিংহ শহরের চারটি সিনেমা হল বন্ধ হয়ে যায়।
