বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদ্যাপন ঘিরে পদদলিত হয়ে ১১ ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিরাট কোহলির নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কোহলির বিরুদ্ধে মামলা গ্রহণের অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী ব্যক্তি।
অভিযোগকারী এইচ এম ভেঙ্কটেশ নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দেন। তার অভিযোগ ‘বেঙ্গালুরু দলের জুয়ায় অংশ নেওয়া এবং একটি নির্দিষ্ট স্থানে লোক জড়ো হতে উসকানি দিয়ে এ দুর্ঘটনার প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি।
তবে কোহলির বিরুদ্ধে অভিযোগ গৃহীত হলেও নতুন কোনো এফআইআর নথিভুক্ত হবে না বলে জানিয়েছে পুলিশ। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘এরই মধ্যে দায়ের করা একটি মামলার অধীন চলমান তদন্তের অংশ হিসেবে অভিযোগটি খতিয়ে দেখা হবে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।
