পহেলা বৈশাখের অনুষ্ঠানে থাকছে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান

সিলেটের সময় ডেস্ক :

 

বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান জানানো হবে এবারের পহেলা বৈশাখে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পহেলা বৈশাখের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়। এবারে অনুষ্ঠানের মূলভাব ‘আমার মুক্তি আলোয় আলোয়’। সম্মিলিত কণ্ঠে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি দিয়ে সংবাদ সম্মেলন শুরু হয়।

 

এতে বর্ষবরণ ১৪৩২-এর আয়োজন প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরা হয়।

সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা জানান, রমনা উদ্যান থেকে দুই ঘণ্টাব্যাপী এবারের আয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ইউটিউব চ্যানেল (youtube.com/@chhayanautbd) ও ফেইসবুক পেইজে (facebook.com/chhayanautbd)। বিটিভিও সরাসরি সম্প্রচার করবে অনুষ্ঠানটি। এবারের অনুষ্ঠানসজ্জায় থাকছে ৯টি সম্মেলক ও ১২টি একক গান এবং ৩টি পাঠ।

সবমিলিয়ে দেড়শতাধিক শিল্পী এ আয়োজনে অংশ নিচ্ছেন। 

তিনি জানান, বরাবরের মতোই নতুন বাংলা বছরকে বরণ করার এই আয়োজন সুষ্ঠু রাখতে অক্লান্ত সেবা দিয়ে চলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণপূর্ত অধিদপ্তর। ছায়ানট কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস শ্রম দিয়ে চলেছেন স্বেচ্ছাসেবীরা, থার্টিনথ হুসার্স ওপেন রোভার গ্রুপের নির্বাচিত সদস্যরা। মঞ্চসহ সার্বিক সাজসজ্জার পরিকল্পনা করেছেন ছায়ানটের প্রাক্তনী সুজন চৌধুরী।

 

ছায়ানটের পক্ষ থেকে বলা হয়, ‘বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনি এদেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবুও আমরা আশাহত হই না, দিশা হারাই না, স্বপ্ন দেখি হাতে হাত রেখে সকলে একসাথে মিলবার, চলবার। বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই। সার্থক হবেই হবে, মানুষ-দেশ, এ পৃথিবীকে ভালবেসে চলবার মন্ত্র।’

জানানো হয়, ১৪ এপ্রিল ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দবরণের সূচনা হবে।

ছায়ানটের এবারের বার্তা, ‘আমার মুক্তি আলোয় আলোয়’। যথারীতি অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। সব মিলিয়ে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান থাকবে এবারের পরিবেশনায়। 

উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ্‌ ও জয়ন্ত রায়।

এ বিভাগের অন্যান্য